নজর বিডি

অতিরিক্ত দামে সার বিক্রি করলে ডিলারশিপ বাতিল: ইয়াসের খান চৌধুরী

কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রি কিংবা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনে ডিলারশিপ বাতিল করা হবে বলেও সতর্ক করেছেন তিনি।শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নান্দাইল উপজেলা পরিষদে সার ও বীজ মনিটরিং কমিটির সভায় ডিলারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে। পাশাপাশি বিদেশ থেকেও সার আমদানি করা হচ্ছে। ফলে সারের সংকট দেখিয়ে কেউ কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।বিসিআইসি ও বিএডিসির ডিলারদের সতর্ক করে ইয়াসের খান চৌধুরী বলেন, কেউ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে কৃত্রিম সংকট তৈরি করলে এবং কোনো কৃষক এ বিষয়ে অভিযোগ করলে তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিলারদের কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে জানিয়ে তিনি বলেন, প্রান্তিক পর্যায়ের কৃষকেরা যাতে নিয়ম অনুযায়ী সার পান, তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হবে। সারের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনে নতুন ডিলার নিয়োগের বিষয়টিও মন্ত্রিপরিষদের সভায় আলোচনা হয়েছে।আসন্ন আমন মৌসুমে কৃষকদের মধ্যে সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে উপজেলা কৃষি কর্মকর্তাকে মাঠপর্যায়ে প্রয়োজনীয় তদারকির নির্দেশ দেন প্রতিমন্ত্রী।নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, বিসিআইসি ও খুচরা সার ডিলার এবং স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন

অতিরিক্ত দামে সার বিক্রি করলে ডিলারশিপ বাতিল: ইয়াসের খান চৌধুরী