নজর বিডি

শিক্ষা সাংস্কৃতি

সংস্কৃতিকর্মীদের জন্য ‘কল্যাণ কার্ড’ চালুর ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর

দেশের সংস্কৃতিকর্মীদের প্রাতিষ্ঠানিক সহায়তা ও সামাজিক নিরাপত্তার আওতায় আনতে ‘বিশেষ কল্যাণ কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘নৃত্যগীতি ও প্রবন্ধ পাঠ’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী এই গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা জানান।সংস্কৃতিকর্মীদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার তাদের বিশেষ কার্ডের মাধ্যমে রাষ্ট্রীয় সহায়তার আওতায় আনবে। দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, লোকঐতিহ্য ও ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন, "ঐতিহ্য রক্ষা মানেই জাতির শেকড়কে সুরক্ষিত রাখা।"সাম্প্রদায়িকতা ও অপসংস্কৃতির বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণকে সবচেয়ে বড় প্রতিরোধ হিসেবে উল্লেখ করেন তিনি।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সংস্কৃতিকে রাষ্ট্র গঠনের চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছে বলে জানান তিনি।অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য ও দর্শনের ওপর ভিত্তি করে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারিক মনজুর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ রেজা।সাংস্কৃতিক পর্বে প্রখ্যাত নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপার নির্দেশনায় ‘নৃত্যাঞ্চল’-এর শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার পাওয়ান বঢ়ে উপস্থিত ছিলেন।"সংস্কৃতি কেবল বিনোদনের অনুষঙ্গ নয়; এটি একটি জাতির আত্মপরিচয় ও সভ্যতার ভিত্তি। রবীন্দ্রনাথ আমাদের মানবতার বাণী শিখিয়েছেন, আর নজরুল শিখিয়েছেন সাম্য ও মুক্তির চেতনা।"

সংস্কৃতিকর্মীদের জন্য ‘কল্যাণ কার্ড’ চালুর ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর