নজর বিডি

আগামী সপ্তাহেই কি বিয়ে করছেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ে নিয়ে গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে নানা গুঞ্জন চলছে। কদিন আগে এই যুগলের একটি বিয়ের আমন্ত্রণপত্র নেটদুনিয়ায় ভাইরাল হলেও, পরবর্তীতে জানা যায় সেটি আসলে সত্য নয়। তবে এবার নতুন কিছু প্রতিবেদনের ওপর ভিত্তি করে জোর গুঞ্জন উঠেছে—দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা জুটি।স্থানীয় বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, নিজের জন্ম ও বেড়ে ওঠার প্রিয় দ্বীপ মাদেইরাতে বাগদত্তা জর্জিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ ফুটবল মহাতারকা।জানা গেছে, মাদেইরা দ্বীপের রাজধানী ফুনচালের ঐতিহাসিক ক্যাথিড্রালটি আগামী শনিবার একটি জমকালো বিয়ের অনুষ্ঠানের জন্য বুক করা হয়েছে। নিয়ম অনুযায়ী, সেদিন বিকেল ৩টায় শুরু হবে তাদের বিয়ের মূল আনুষ্ঠানিকতা।বিয়ের পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের (রিসেপশন) জন্য এই জুটি বেছে নিয়েছেন ফুনচালের অত্যন্ত বিলাসবহুল পাঁচ তারকা হোটেল ‘সাভয় প্যালেস’। হোটেলের একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, অতিথিদের সুবিধার্থে আগামী শুক্রবার ও শনিবার হোটেলের দুটি তলা এবং বেশ কয়েকটি বার এলাকা সাধারণের জন্য বন্ধ রাখা হচ্ছে।২০১৬ সালে স্পেনীয়-আর্জেন্টিনীয় বংশোদ্ভূত মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে প্রথম দেখা হয়েছিল রোনালদোর। দীর্ঘ সময় প্রেমের পর গত আগস্টে তিনি জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন। সম্প্রতি মায়োর্কায় একটি ইয়টে ভ্রমণের সময় এই দম্পতিকে হীরের আংটি পরা অবস্থায় দেখা গেলে তাদের বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়।এর আগে বিশ্বকাপ শেষ হওয়ার পর বিয়ে করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন রোনালদো। যদিও বিশ্বকাপে স্পেনের কাছে হেরে পর্তুগালের বিদায়ের পর ট্রফি ছাড়াই এবার গাঁটছড়া বাঁধতে হচ্ছে এই স্ট্রাইকারকে।বিখ্যাত সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জর্জিনা সম্পর্কে বলেছিলেন,"আমি তাকে বিয়ে করতে যাচ্ছি কারণ আমার বিশ্বাস এটাই সঠিক সময়। সে শুধু আমার সন্তানের মা-ই নয়, তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি।"সেই সাক্ষাৎকারে রোনালদো আরও স্পষ্ট করেছিলেন যে, জর্জিনাই একমাত্র নারী যাকে ডেট করার পর তার সঙ্গে স্থায়ীভাবে সংসার করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখন ভক্তদের অপেক্ষা, আগামী শনিবার ফুনচালের ক্যাথিড্রালে সত্যিই এই রূপকথার বিয়ে সম্পন্ন হয় কি না!

আগামী সপ্তাহেই কি বিয়ে করছেন রোনালদো