আগামী সপ্তাহের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। শুক্রবার (১৪ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঢাকা ও নয়াদিল্লির সংশ্লিষ্ট সূত্রগুলো সফরের সম্ভাব্যতার বিষয়টি নিশ্চিত করেছে।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরটি দুই দিনের হতে পারে। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠকের পরিকল্পনা রয়েছে।দুই দেশের পক্ষ থেকেই সফরটি নিয়ে প্রস্তুতি ও আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শেষ পর্যন্ত সফরটি অনুষ্ঠিত হলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নয়াদিল্লি সফর। একই সঙ্গে এ সফরকে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।সম্ভাব্য বৈঠকে দুই দেশের বাণিজ্য, যোগাযোগ ও সংযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে এনডিটিভি।সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তারেক রহমানের দুই দিনের সফরকে ‘দ্বিপক্ষীয় আলোচনা’ হিসেবে পরিকল্পনা করা হচ্ছে। তবে সফরের সময়সূচি ও অন্যান্য বিস্তারিত বিষয় নিয়ে এখনো কাজ চলছে।গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানায়। পাশাপাশি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত সপ্তাহে জানিয়েছিলেন, ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।