চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চারতলার ছাদ থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল কবিরের দোকান এলাকার গুলবাহার বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত আবির উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া ইসমাইল মিয়াজী বাড়ির বাসিন্দা মোহাম্মদ দিলোয়ারের ছেলে।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় আবিরের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে সবার অগোচরে আবির ভবনের ছাদে উঠে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত চারতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. জমির হোসেন জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত থাকায় আবির সবার চোখ ফাঁকি দিয়ে ছাদে উঠে যায়। পরে দুর্ঘটনাবশত নিচে পড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী জানান, ভবন থেকে পড়ে যাওয়া শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।