নজর বিডি

উল্টো পথের অটোরিকশা আটককে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, আহত ২

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার সবজি বাজার এলাকায় উল্টো পথে অটোরিকশা চলাচল বন্ধে পুলিশের অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের গাড়ি ভাঙচুর ও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে অভিযান পরিচালনা করে কয়েকটি অবৈধ অটোরিকশা আটক করে। এতে ক্ষুব্ধ হয়ে অটোরিকশা চালক ও তাদের সহযোগীদের একটি দল পুলিশের ওপর হামলা চালায়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সংঘবদ্ধ ওই দলটি “জয় বাংলা” স্লোগান দিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করা হয়। এতে গাড়িটির ব্যাপক ক্ষতি হয় এবং অন্তত দুইজন আহত হন।কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন বলেন, অবৈধ অটোরিকশা আটক করার পর ৩০ থেকে ৩৫ জনের একটি দল পুলিশের ওপর হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে।তিনি আরও জানান, পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।স্থানীয়দের মতে, স্পষ্ট নীতিমালার অভাবে মহাসড়কে অটোরিকশা চলাচল নিয়ে এমন সংঘর্ষের ঘটনা প্রায়ই ঘটছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

উল্টো পথের অটোরিকশা আটককে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, আহত ২