নজর বিডি

ইরান উত্তেজনায় ট্রাম্পকে বার্তা সৌদি যুবরাজের

ইরানে সম্ভাব্য মার্কিন হামলার বিষয় নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় ইরানের ওপর নতুন করে বড় ধরনের হামলার কথিত পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। রোববার (২ আগস্ট) মার্কিন দুই কর্মকর্তা ও সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়ার পরই ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের এই ফোনালাপ হয়। এর পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র এবং প্রয়োজনে অঞ্চল ছাড়ার প্রস্তুতি নিতে বলেছে। এক মার্কিন কর্মকর্তা জানান, সৌদি আরব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা জানতে চেয়েছে। অন্য একটি সূত্রের দাবি, যুবরাজ ট্রাম্পকে পরিস্থিতি শান্ত রাখার পাশাপাশি হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে হোয়াইট হাউস ও ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাস কোনো মন্তব্য করেনি। এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যেকোনো আগ্রাসনের জবাব ‘সুনির্দিষ্ট ও যথাযথভাবে’ দেওয়া হবে। এর আগে তেহরানের সঙ্গে চুক্তি না হলে ইরানের ওপর ‘খুব কঠোর’ হামলার হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, ইরানকে এমনভাবে আঘাত করা হবে, যাতে তারা আর সংঘাত চালিয়ে যেতে না পারে। ট্রাম্প আরও অভিযোগ করেন, ইরান বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে এবং ভুল তথ্য দিচ্ছে। এদিকে, সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন দূতাবাসগুলো নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে।

ইরান উত্তেজনায় ট্রাম্পকে বার্তা সৌদি যুবরাজের