রাজধানীর কলাবাগানে মাত্র ৮ বছরের শিশু ইয়ামিনের চোখের সামনে মা ও বোনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দুলাভাই শিপনের বিরুদ্ধে। রোববার (২ আগস্ট) সকালে কলাবাগানের কাঁঠালবাগান এলাকার একটি বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন ফিরোজা বেগম (৩৫) ও তার মেয়ে ফারজানা আক্তার রাত্রি (২০)। ঘটনার সময় ইয়ামিন বাসাতেই ছিল। শিশুটি জানায়, তার দুলাভাই শিপন বোন রাত্রিকে বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে শিপন ধারালো অস্ত্র দিয়ে প্রথমে রাত্রি ও পরে তার মা ফিরোজা বেগমকে আঘাত করেন। ভয়ে ইয়ামিন ছাদের এক কোণে লুকিয়ে থাকে। পরে নিচে নেমে বিষয়টি স্বজনদের জানায়। নিহত রাত্রির বাবা ফারুক হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে শিপন ও রাত্রির মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। একসময় তাদের বিচ্ছেদ হলেও পরে আবার বিয়ে হয়। ঘটনার দিন কোনো এক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে শিপন স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, ঘটনার পর শিপন তার ছোট সন্তানকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়ে যান। পরে সন্তানসহ কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, প্রাথমিকভাবে জানা গেছে, কথা-কাটাকাটির একপর্যায়ে শিপন সবজি কাটার ছুরি দিয়ে স্ত্রী রাত্রি ও শাশুড়ি ফিরোজা বেগমকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়া হলে ফিরোজা বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত শিপন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।