পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এ ইংরেজি সংলাপের উচ্চারণকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চরম ট্রল ও বিদ্রূপের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম। সাইবার বুলিংয়ের এই কঠিন সময়ে সহশিল্পীর পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানি বিনোদন অঙ্গনের আরেক জনপ্রিয় তারকা হানিয়া আমির।উমাইরা আহমেদের গল্প এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত ‘দার-ই-নিজাত’ ধারাবাহিকে ‘জারিয়াব’ চরিত্রে অভিনয় করছেন দুরেফিশান। গল্প অনুযায়ী, তার চরিত্রটি বিত্তশালী পরিবারের এক তরুণীর, যে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং অধিকাংশ সময় ইংরেজিতে কথা বলে।ধারাবাহিকে তার ইংরেজি সংলাপের বেশ কিছু অংশ—বিশেষ করে ‘ফ্যাব’ (fab) শব্দটির উচ্চারণ সম্বলিত ভিডিও ক্লিপ নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ার পর থেকেই কটূক্তি শুরু হয়।এই সাইবার বুলিংয়ের জবাবে দুরেফিশানের পাশে দাঁড়িয়েছেন হানিয়া আমির। ইনস্টাগ্রামে দুরেফিশানের একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘নজর সবসময় সামনের দিকে রাখো, প্রিয়।’ এ বার্তার মাধ্যমে তিনি সমালোচকদের কথায় কান না দিয়ে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।ধারাবাহিকটি দর্শকপ্রিয়তা পেলেও দুরেফিশানের চরিত্র ও সংলাপ পরিবেশন নিয়ে মতামত দুই ভাগে বিভক্ত। নেটিজেনদের একাংশ উচ্চারণের সমালোচনা করলেও, অনেকেই মনে করছেন এটি অভিনেত্রীর ব্যক্তিগত ত্রুটি নয়, বরং সংলাপ ও চিত্রনাট্যের দুর্বলতা। তবে সব সমালোচনা পেরিয়ে তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়াচ্ছেন, তা বিনোদনপ্রেমীদের প্রশংসা কুড়াচ্ছে।