রাজধানীর উত্তরায় প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে একটি ডেভেলপার কোম্পানির কর্মচারীর কাছ থেকে নগদ ২ লাখ ১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কে ‘ডেলিসিয়াস কফি শপ’-এর সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘নূর নাফি ডেভেলপারস লিমিটেড’ কোম্পানির সহকারী হিসাবরক্ষক নাদিম আহমেদ সুজন অফিস থেকে রিকশাযোগে উত্তরা ৬ নম্বর সেক্টরের জনতা ব্যাংকে রাজউকের ফি জমা দিতে যাচ্ছিলেন। সোনারগাঁও জনপদ সড়কের ওই স্থানে পৌঁছালে এক ব্যক্তি রিকশার গতি থামানোর সংকেত দেয়। রিকশা থামামাত্রই আরও তিনজন এসে দ্রুত ঘিরে ধরে। এ সময় এক দুর্বৃত্ত নিজেকে ‘পিস্তল বাবু’ পরিচয় দিয়ে সুজনকে পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং দ্রুত স্থান ত্যাগ করে।ঘটনার নিশ্চিত করে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনির হোসেন জানান, ব্যাংক ফি জমা দিতে যাওয়ার পথেই তার প্রতিষ্ঠানের কর্মচারী ছিনতাইয়ের শিকার হন।খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই মো. কামরুজ্জামান জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।