নজর বিডি

এআই বিকৃতিতে ক্ষুব্ধ মৃণাল ঠাকুর

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ‘ডিপফেক’ বা বিকৃত ছবি-ভিডিওর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুর। নিজের অনুমতি ছাড়া তাঁর অবয়ব ও পরিচয় ব্যবহার করে ভুয়া কনটেন্ট তৈরি বা প্রচার বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মৃণাল জানান, তাঁর ছবি বা পরিচয় ব্যবহার করে ডিপফেক কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়া বেআইনি এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। যদিও তিনি কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেননি, তবে পোস্টটিকে সংশ্লিষ্টদের জন্য চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।পোস্টে তিনি লেখেন, “আমার অবয়ব ব্যবহার করে ডিপফেক কনটেন্ট তৈরি বা শেয়ার করা বেআইনি ও অগ্রহণযোগ্য। এই ঘোষণাকে অবিলম্বে এ ধরনের অপকর্ম বন্ধ করার আনুষ্ঠানিক নোটিশ হিসেবে বিবেচনা করুন। ভবিষ্যতে আমার পরিচয়ের কোনো অপব্যবহার হলে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হবে।”ভারতে এআই প্রযুক্তির অপব্যবহার এবং ডিপফেক কনটেন্টের বিস্তার বাড়তে থাকায় অনেক তারকাই আইনি পদক্ষেপ নিয়েছেন। অনুমতি ছাড়া তাঁদের পরিচয় ও ছবি ব্যবহারের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হয়েছেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, শিল্পা শেঠি, প্রীতি জিনতা, কার্তিক আরিয়ান এবং সুনীল শেঠিসহ একাধিক জনপ্রিয় অভিনয়শিল্পী।এর আগে ডিপফেক প্রযুক্তির শিকার হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে নারীদের হয়রানির তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেছিলেন, প্রযুক্তি মানুষের অগ্রগতির জন্য হলেও এর অপব্যবহার সমাজের নৈতিক অবক্ষয়েরই প্রতিফলন।রাশমিকা এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। পরে তাঁর ডিপফেক ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ডিপফেক প্রযুক্তির অপব্যবহার নিয়ে তারকাদের ধারাবাহিক এই প্রতিবাদ এআই-নির্ভর ডিজিটাল অপরাধের বিরুদ্ধে সচেতনতা ও কঠোর আইনি ব্যবস্থার প্রয়োজনীয়তাকেই নতুন করে সামনে এনে দিয়েছে।

এআই বিকৃতিতে ক্ষুব্ধ মৃণাল ঠাকুর