জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। একযোগে ২২ কর কমিশনারের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে ১২ অতিরিক্ত কর কমিশনারকে কর কমিশনার পদে চলতি দায়িত্ব দিয়ে বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটে পদায়ন করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) পৃথক আদেশে এসব পরিবর্তন আনা হয়। এনবিআরের বর্তমান চেয়ারম্যান আহসান হাবিব দায়িত্ব নেওয়ার পর এটিই সংস্থাটিতে সবচেয়ে বড় প্রশাসনিক রদবদল বলে জানা গেছে।রদবদলের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে সেলিনা সুলতানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো নারী কর্মকর্তা সিআইসির প্রধানের দায়িত্ব পেলেন। এর আগে তিনি ঢাকার কর অঞ্চল-৪-এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।সিআইসির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে ঢাকার কর অঞ্চল-৮-এর কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।অন্যদিকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের নতুন মহাপরিচালক করা হয়েছে সৈয়দ মহিদুল ইসলামকে। তাকে কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব থেকে বদলি করা হয়েছে।নতুন আদেশে লুৎফুন্নাহার বেগমকে আবারও ঢাকার কর অঞ্চল-১৯-এর কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি একই পদে দায়িত্ব পালন করেছিলেন।এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল আয়কর, ভ্যাট ও শুল্কসংক্রান্ত বিভিন্ন রাজস্ব অপরাধ, কর ফাঁকি ও অনিয়মের অনুসন্ধান ও তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে সিআইসিসহ গুরুত্বপূর্ণ ইউনিটের শীর্ষ পদে এ পরিবর্তনকে এনবিআরের কর প্রশাসনের উল্লেখযোগ্য রদবদল হিসেবে দেখা হচ্ছে।