নজর বিডি

কলাবাগানে স্ত্রী-শাশুড়িকে হত্যা, আটক জামাই

 রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। রোববার (২ আগস্ট) সকালে আল আমিন মসজিদসংলগ্ন একটি পাঁচতলা ভবনের বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন রাত্রি (২০) ও তার মা ফিরোজা বেগম (৩৫)। অভিযুক্ত শিপন নিহত রাত্রির সাবেক স্বামী বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, সকাল ৯টার দিকে রাত্রির সঙ্গে শিপনের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাত্রির পক্ষ নিয়ে কথা বলতে গেলে শাশুড়ি ফিরোজা বেগমের সঙ্গেও তার বাকবিতণ্ডা হয়। পরে শিপন ধারালো অস্ত্র দিয়ে দুজনকে এলোপাতাড়ি আঘাত করেন। ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, রাত্রি ও শিপনের আইনগতভাবে বিচ্ছেদ (ডিভোর্স) হলেও তারা একই বাসায় বসবাস করছিলেন। ঘটনার পর অভিযুক্ত শিপনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

কলাবাগানে স্ত্রী-শাশুড়িকে হত্যা, আটক জামাই