গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলাতে ট্রেনে কাটা পড়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকালে উপজেলার ব্যাসপুর-হিজলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ব্যাসপুর-হিজলি গ্রামের কাঞ্চন শেখের মেয়ে নাসিমা আক্তার তার স্বামী শিপন ফকির ও তিন সন্তানকে নিয়ে গোপালগঞ্জ শহরের বাসা থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।শনিবার সকাল প্রায় ৮টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে তাদের পাঁচ বছর বয়সী মেয়ে সামিরা বাড়ির পাশের ঢাকা-খুলনা রেলপথে উঠে পড়ে। এ সময় খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় নিহত শিশুর পরিবারে গভীর শোক বিরাজ করছে।