নজর বিডি

কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর ও গোয়েন্দা প্রধানের বাড়িতে ড্রোন হামলা

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় একটি ড্রোন তার ব্যক্তিগত দপ্তরে এবং আরেকটি কুর্দিস্তানের গোয়েন্দা প্রধানের বাড়িতে আঘাত হেনেছে।কুর্দিস্তানের সন্ত্রাসবিরোধী অধিদপ্তর জানিয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।মাসরুর বারজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, কুর্দিস্তানের সন্ত্রাসবিরোধী ইউনিটের তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, তার ব্যক্তিগত অফিস এবং গোয়েন্দা প্রধানের বাড়িতে ইরানের ড্রোন হামলা হয়েছে।তিনি এ হামলাকে ‘ঝুঁকিপূর্ণ উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি কুর্দিস্তান অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে কুর্দিস্তান অঞ্চলকে একাধিকবার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের আশঙ্কা, কুর্দিস্তান থেকে কুর্দি যোদ্ধারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে ইরানে স্থল হামলা চালাতে পারে।ইরান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, কুর্দি গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে।সংবাদমাধ্যম আলবাওবার বরাতে জানা গেছে, কুর্দিস্তানে ইরান ও তাদের মিত্ররা কয়েক হাজারবার ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল কুর্দিস্তানের রাজধানী ইরবিল। গত ১৭ জুলাই ইরবিলে চালানো একটি হামলায় নয়জন নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এদিকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর ও গোয়েন্দা প্রধানের বাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি বলেছে, এ হামলা ইরাক ও ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন।

কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর ও গোয়েন্দা প্রধানের বাড়িতে ড্রোন হামলা