কেনিয়ায় একটি পর্যটন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগের প্রধান মাইকেল সেনসি কন্টুগি, তার স্ত্রী স্টেফানি কন্টুগিসহ আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিকও রয়েছেন।বুধবার (১৯ আগস্ট) সকালে কেনিয়ার রাজধানী নাইরোবির উত্তরে সামবুরু জেলায় এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি উত্তরাঞ্চলের লোইসাবা ওয়াইল্ডলাইফ রিজার্ভ থেকে উড্ডয়ন করেছিল।কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কেসিএএ) জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি একটি দুর্গম পাহাড়ি এলাকায়। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেডক্রসের কেনিয়া শাখা সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা যায়, মাটিতে আছড়ে পড়ার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়।দুর্গম ও পাহাড়ি এলাকা হওয়ায় ঘটনাস্থলে উদ্ধারকারী দলের পৌঁছাতে সময় লাগে। কেসিএএর অধীন এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (এএআইডি) পরিচালক ফ্রেডরিক কাবুঙ্গে এএফপিকে জানান, হেলিকপ্টারটিতে মোট আটজন ছিলেন। তাদের মধ্যে একজন পাইলট এবং সাতজন যাত্রী। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন।সামবুরু জেলার পুলিশ কর্মকর্তা ডেভিড এনকোরোই জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়। তবে অন্ধকার, দুর্গম পাহাড়ি এলাকা ও ঘটনাস্থলের জটিল পরিস্থিতির কারণে বুধবার রাতে উদ্ধার তৎপরতা স্থগিত করা হয়। বৃহস্পতিবার আবারও উদ্ধার কার্যক্রম শুরু করার কথা রয়েছে।এদিকে নিহতদের মধ্যে ইকুয়েডরের গোয়েন্দা বিভাগের প্রধান মাইকেল সেনসি কন্টুগি ও তার স্ত্রী স্টেফানি কন্টুগি ছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির পরিবহনমন্ত্রী রবার্তো লুকু।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মন্ত্রী তাদের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, মাইকেল ও স্টেফানি খুব দ্রুত তাদের ছেড়ে চলে গেছেন। তাদের পরিবার, বিশেষ করে সন্তান ও বাবা-মায়ের প্রতি সমবেদনা জানান তিনি।দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে কেনিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।