নজর বিডি

ক্যাম্পাসে শান্তিপূর্ণ রাজনীতির দাবি

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত হামলা, সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতি বন্ধের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনটি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদও জানিয়েছে।বুধবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এ দাবি জানান।বিবৃতিতে বলা হয়, রাজধানীর ঢাকা কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, ঢাকা আলিয়া মাদরাসার হলে ভাঙচুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন।নেতৃদ্বয় বলেন, শিক্ষাঙ্গন জ্ঞানচর্চা, নৈতিকতা ও সুস্থ রাজনৈতিক বিকাশের স্থান। সেখানে হামলা, সন্ত্রাস, দখলদারিত্ব ও অস্ত্রের মহড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভিন্নমতকে যুক্তি ও আদর্শ দিয়ে মোকাবিলা না করে শক্তি প্রয়োগ ও সহিংসতার পথ বেছে নেওয়া ছাত্ররাজনীতির নৈতিক ভিত্তিকে দুর্বল করে।তারা আরও বলেন, জুলাই-পরবর্তী সময়ে শিক্ষার্থীরা নিরাপদ, শান্তিপূর্ণ ও মতপ্রকাশের স্বাধীন পরিবেশ প্রত্যাশা করেছিল। কিন্তু বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিক সংঘর্ষ, হামলা ও অস্ত্রের প্রদর্শন সেই প্রত্যাশাকে ব্যাহত করছে। অতীতে শিক্ষাঙ্গনে সহিংসতার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, তাদের কাছ থেকে শিক্ষার্থীরা ভিন্নধর্মী রাজনৈতিক সংস্কৃতি আশা করেছিল বলেও মন্তব্য করেন তারা।বিবৃতিতে নেতারা বলেন, ছাত্ররাজনীতি হতে হবে শিক্ষার্থীদের অধিকার, নৈতিকতা ও আদর্শভিত্তিক। হামলা, ভয়ভীতি, অস্ত্রের ঝনঝনানি ও পেশিশক্তির মাধ্যমে ক্যাম্পাস নিয়ন্ত্রণের অপচেষ্টা বন্ধ করতে হবে। একই সঙ্গে তারা সাম্প্রতিক সব হামলার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সকল ছাত্রসংগঠনের প্রতি সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ক্যাম্পাসে শান্তিপূর্ণ রাজনীতির দাবি