নজর বিডি

খিলক্ষেতে এক পরিচ্ছন্ন রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি, সোহরাব খান স্বপন আর নেই

খিলক্ষেত থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব খান স্বপন (৬৫) আর নেই। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৫টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন দেওয়ান।দীর্ঘ রাজনৈতিক জীবনে সোহরাব খান স্বপন ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও সভাপতি, খিলক্ষেত থানা যুবদলের সভাপতি, খিলক্ষেত থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং সর্বশেষ খিলক্ষেত থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন।খিলক্ষেতের রাজনৈতিক অঙ্গনে তিনি একজন পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে দলীয় নেতাকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, বন্ধু, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দল-মতনির্বিশেষে খিলক্ষেতের বিভিন্ন মহল তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।সোহরাব খান স্বপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল ও সাধারণ সম্পাদক সৈকত সরকার।এক শোকবার্তায় তাঁরা বলেন, “সোহরাব খান স্বপনের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন খিলক্ষেতের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের পরিচিত মুখ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর পরিচ্ছন্ন ভাবমূর্তি, সৌজন্যবোধ ও মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক তাঁকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল। তাঁর চলে যাওয়া খিলক্ষেতের জন্য একটি অপূরণীয় ক্ষতি। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”সোহরাব খান স্বপনের জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ জোহর কুর্মিটোলা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।তাঁর আকস্মিক মৃত্যুতে খিলক্ষেত হারাল দীর্ঘদিনের এক রাজনৈতিক মুখ। রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের স্মৃতিতে তাঁর দীর্ঘ পথচলা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি হয়ে থাকবে স্মরণীয়।

খিলক্ষেতে এক পরিচ্ছন্ন রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি, সোহরাব খান স্বপন আর নেই