খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে মীর মামুন নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের আবু সালেহীন প্রতিবন্ধী স্কুলের সামনে এই ঘটনা ঘটে।আহত মামুন বাগমারা গ্রামের মীর নেয়ামতের ছেলে। স্থানীয়রা জানান, তিনি এলাকাতেই বেশ বেপরোয়া প্রকৃতির মানুষ হিসেবে পরিচিত।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়:রাত সাড়ে ৯টার দিকে দুইজন দুর্বৃত্ত মামুনকে তুলে নিয়ে এসে প্রতিবন্ধী স্কুলের সামনে মাথায় গুলি করে ফেলে রেখে যায়।খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আহত যুবক খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ‘বি কোম্পানি’র একজন সক্রিয় সদস্য। ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।