নজর বিডি

গাজীপুরে কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ: আতঙ্ক

গাজীপুরের শ্রীপুরে ‘কালার কো লিমিটেড’ কারখানায় এক নারী শ্রমিকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশই নারী শ্রমিক। মঙ্গলবার (৭ জুলাই) সকালে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় অবস্থিত কারখানাটিতে এ ঘটনা ঘটে।শ্রমিকরা জানান, মঙ্গলবার সকাল ৮টায় যথারীতি কাজ শুরু হওয়ার কিছুক্ষণ পরই পঞ্চম তলার সুইং বিভাগে শ্রমিকরা হঠাৎ অসুস্থ হতে শুরু করেন। আক্রান্তদের মধ্যে মাথা ঘোরানো, পেটে ব্যথা ও বমি বমি ভাব দেখা দেয়। পরে দ্রুত তাদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর কারখানার শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে কর্মস্থল ছেড়ে বেরিয়ে যান। তবে আতঙ্ক সত্ত্বেও কারখানাটির উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।ঘটনার বিষয়ে কালার কো লিমিটেড কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে গাজীপুর শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “অসুস্থ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কারখানায় যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকরা কেন অসুস্থ হলেন, তা আমরা তদন্ত করে দেখছি।”গত জুন মাসে একই কারখানায় লিজা আক্তার নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়। সে সময় শ্রমিকরা অভিযোগ করেছিলেন, অসুস্থ থাকা সত্ত্বেও লিজাকে ছুটি দেওয়া হয়নি, যার ফলে তার মৃত্যু হয়েছে। সেই ঘটনার জের ধরে তখন ব্যাপক বিক্ষোভ ও আন্দোলনের মুখে কারখানাটি দুই দিন বন্ধ রাখতে হয়েছিল।

গাজীপুরে কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ: আতঙ্ক