গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (৩১ জুলাই) রাতে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে হবিগঞ্জে হামলায় আহত কিশোর আলিফ চৌধুরীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সরকার যদি মনে করে এভাবে পাঁচ বছর পার করবে, সেই সুযোগ দেওয়া হবে না। দেশের মানুষের মতামত উপেক্ষা করে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না। জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। সরকারের জ্বালানি নীতির সমালোচনা করে তিনি বলেন, গ্যাসের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে মানুষ রাস্তায় নামবে। তিনি অভিযোগ করেন, গ্যাসের দাম বাড়ানোর পাশাপাশি বিভিন্ন খাতে মূল্যবৃদ্ধির কারণে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। আহত আলিফের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, হবিগঞ্জে হামলায় আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। অন্য চোখও ঝুঁকির মধ্যে রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার অবস্থা সম্পর্কে বিস্তারিত পরে জানা যাবে। তিনি অভিযোগ করেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তার দাবি, ভিডিও ফুটেজে হামলার বিষয়টি স্পষ্ট হলেও আইনগত পদক্ষেপে ধীরগতি দেখা যাচ্ছে। নাহিদ ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে এনসিপি, ছাত্রশক্তি ও যুবশক্তির কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে বিরোধী মত দমনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হলে আন্দোলনের ঘোষণা দিয়ে তিনি বলেন, “গ্যাসের দাম বাড়ালে আমরা অবশ্যই পেট্রোবাংলা ঘেরাও করব। ঢাকা শহরের মানুষও দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাস্তায় নামবে।” এ সময় তিনি আলিফের চিকিৎসা ও হামলার ঘটনায় বিচার দাবি করেন এবং জনগণকে রাজনৈতিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান।