চট্টগ্রামের আকবরশাহ এলাকায় একটি বাসা থেকে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তাররা হলেন মাহে আলম ওরফে শাহ আলম (৩০) এবং মো. মনির হোসেন (২৮)। পুলিশ জানায়, প্রধান অভিযুক্ত মাহে আলমের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও মাদক-সংক্রান্ত ১২টি মামলা রয়েছে।পুলিশের তথ্যমতে, গত ২০ জুলাই বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের মধ্যে আকবরশাহ এলাকার বিশ্ব কলোনির কে-ব্লকে উর্মিলা আক্তারের বাসায় চুরির ঘটনা ঘটে। চোরেরা বাসা থেকে তিনটি নেকলেস, তিনটি চেইন, একটি ব্রেসলেট, দুটি চুড়ি, ছয় জোড়া কানের দুল, আটটি আংটিসহ প্রায় ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ চার হাজার টাকা নিয়ে যায়।ঘটনার পর ২৪ জুলাই ভুক্তভোগী আকবরশাহ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সোমবার (২৭ জুলাই) পাহাড়তলী থানার নেছারিয়া মাদ্রাসা গলি এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি নেকলেস, তিনটি চেইন, দুটি চুড়ি, তিন জোড়া কানের দুল ও দুটি আংটিসহ প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, উদ্ধার হওয়া স্বর্ণালংকার আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি চুরি হওয়া বাকি মালামাল উদ্ধার এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।