নজর বিডি

চরভদ্রাসনে অবৈধ বালু উত্তোলন, ৩ ড্রেজার বিনষ্ট; জরিমানা ৫০ হাজার

ফরিদপুরের চরভদ্রাসনে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তিনটি ড্রেজার বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে মাটি ভরাটের দায়ে আসলাম মোল্লা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ।আদালত সূত্রে জানা যায়, চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর মধ্য এলাকার একটি স্থান ও ইউনিয়ন পরিষদের পেছন থেকে দুটি এবং সালেপুর পশ্চিমের হাজার বিঘা এলাকা থেকে একটি ড্রেজার জব্দ করা হয়। পরে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজারই আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।অভিযানকালে ড্রেজার পরিচালনাকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে অবৈধভাবে মাটি ভরাটের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ধারা লঙ্ঘনের অপরাধে ১৫ ধারায় স্থানীয় বাসিন্দা আসলাম মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, জনস্বার্থে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চরভদ্রাসনে অবৈধ বালু উত্তোলন, ৩ ড্রেজার বিনষ্ট; জরিমানা ৫০ হাজার