চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ মোঃ হাসান তারেক ওরফে পাতান (৪১) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।আজ ৭ জুন (রবিবার) বিকেল ৪:০০টা থেকে ৪:৩০টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন প্রান্তিকপাড়া (রেলবস্তি) এলাকায় এই অভিযান পরিচালিত হয়।ডিএনসি জেলা কার্যালয়ের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় অভিযান চালায়। অভিযানে হাসান তারেক ওরফে পাতানকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত হাসান তারেক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে ডিএনসি।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জেলায় মাদকের বিস্তার রোধ, যুবসমাজকে রক্ষা এবং মাদক কারবারিদের সম্পূর্ণ নির্মূল করতে চলমান এই বিশেষ আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদার ও গতিশীলভাবে অব্যাহত থাকবে।