অপরাধমুক্ত ও নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ৩২টি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন করা হয়েছে।সোমবার (২৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এসব ক্যামেরার কার্যক্রম উদ্বোধন করা হয়। নতুন প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে সার্বক্ষণিক নজরদারি আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।AI-সক্ষম এসব ক্যামেরার মাধ্যমে অপরাধ শনাক্তকরণ, সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ এবং সংঘটিত অপরাধের দ্রুত তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কার্যকরভাবে কাজ করতে পারবে বলে আশা করা হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এন এম ওয়াসিম ফিরোজ।সংশ্লিষ্টরা জানান, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও জনগণের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে জেলার নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করা সম্ভব। AI-সক্ষম ক্যামেরাগুলো অপরাধ প্রতিরোধের পাশাপাশি কোনো অপরাধ সংঘটিত হলে দ্রুত তথ্য সংগ্রহ ও তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রযুক্তিনির্ভর এ উদ্যোগের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।“নিরাপত্তায় প্রযুক্তি, অপরাধ দমনে দৃঢ়তা—নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ আমাদের অঙ্গীকার।”