নজর বিডি

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও সার্বিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় হাসপাতাল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল সভায় সভাপতিত্ব করেন।সভায় চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহাবুব হাসান ও ডা. ময়েজ উদ্দিনসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মান বৃদ্ধি, বিদ্যমান চিকিৎসক ও জনবল সংকট নিরসন, বহিরাগত দালালদের দৌরাত্ম্য বন্ধ, সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার এবং চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এ ছাড়া রোগীদের আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা দিতে হাসপাতালে নিত্যনতুন পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি সংযোজনের ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে চিকিৎসাসেবা আরও জনবান্ধব করা, রোগীদের হয়রানি বন্ধ এবং হাসপাতালে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান উপস্থিত কর্মকর্তারা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত