নজর বিডি

চার ঘণ্টা পর উদ্ধার হল সুলতানা বেগমের মরদেহ

সুনামগঞ্জের তাহিরপুরে বৌলাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সুলতানা বেগম (২৪) নামে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধুতমা গ্রামের পাশে বৌলাই নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।এর আগে একই দিন দুপুর ১টার দিকে নিজ বাড়ির ঘাটে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে এলাকাবাসীকে জানায় এবং ব্যাপক খোঁজাখুঁজি শুরু হয়।নিহত সুলতানা বেগম ওই গ্রামের আবুল বাসারের স্ত্রী। তাদের এক ছেলে (৩) ও এক মেয়ে (৫) রয়েছে।স্থানীয়দের বরাতে জানা যায়, সুলতানা বেগম সাঁতার জানতেন না এবং তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী জানান, গোসল করতে গিয়ে নদীতে নেমে পানিতে তলিয়ে যান তিনি। পরে শিশুরা বিষয়টি বাড়িতে জানালে স্বজনরা খোঁজ শুরু করেন।খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বৌলাই নদীতে উদ্ধার অভিযান চালায় এবং প্রায় চার ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চার ঘণ্টা পর উদ্ধার হল সুলতানা বেগমের মরদেহ