নজর বিডি

জাপান সাগরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: ইউএস-দক্ষিণ কোরিয়া মহড়ার মুখে কড়া বার্তা

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াকে সামনে রেখে আবারও জাপান সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এক সপ্তাহের মধ্যে এটি পিয়ংইয়ংয়ের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। বুধবার (১২ আগস্ট) দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানায়, বুধবার সকাল আনুমানিক ৬টার দিকে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে পূর্ব সাগরের (জাপান সাগর) দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রটি প্রায় ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। ঘটনার পর নজরদারি ব্যবস্থা জোরদার করার পাশাপাশি ওয়াশিংটন ও টোকিওর সঙ্গে তথ্য আদান-প্রদান বাড়িয়েছে সিউল। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ক্ষেপণাস্ত্রটি সাগরে পতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।আগামী ১৭ আগস্ট থেকে মার্কিন-দক্ষিণ কোরিয়া যৌথ বার্ষিক ‘উলচি ফ্রিডম শিল্ড’ সামরিক মহড়া শুরু হতে যাচ্ছে। ১১ দিনব্যাপী এই বিশাল মহড়ায় প্রায় ১৮ হাজার দক্ষিণ কোরীয় সেনা অংশ নেবেন। সিউল ও ওয়াশিংটন এই প্রশিক্ষণকে আত্মরক্ষামূলক বললেও পিয়ংইয়ং বরাবরই একে আগ্রাসনের অনুশীলন হিসেবে আখ্যা দিয়ে আসছে।বিশেষজ্ঞদের মতে, এই উৎক্ষেপণ মূলত আসন্ন সামরিক মহড়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার একটি পাল্টা প্রতিক্রিয়া। কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের উত্তর কোরিয়া-বিষয়ক বিশেষজ্ঞ লিম ইউল-চুল জানান, যৌথ মহড়ার বিপরীতে পিয়ংইয়ং নিজেদের কড়া নজরদারি ও প্রয়োজনবোধে উসকানিমূলক পদক্ষেপ নেওয়ার বার্তা দিচ্ছে।

জাপান সাগরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: ইউএস-দক্ষিণ কোরিয়া মহড়ার মুখে কড়া বার্তা