নজর বিডি

সাপে কাটার পর চিকিৎসায় অবহেলার অভিযোগ, জামালপুরে নারীর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সাপে কাটা রমিছা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনরা। সোমবার (৬ জুলাই) রাতে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত রমিছা বেগম উপজেলার তারতাপাড়া এলাকার চান মিয়ার স্ত্রী।নিহতের ছেলে লিটন মিয়া জানান, সোমবার রাত ৯টার দিকে তার মাকে সাপে কামড় দেওয়ার পর দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ও স্টাফরা এটিকে বিষধর সাপের কামড় নয় বরং চিকা বা অন্য কোনো প্রাণীর কামড় বলে দাবি করেন। স্বজনদের অভিযোগ, এ কারণেই রোগীকে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি এবং সাপের বিষের প্রতিষেধক বা ‘অ্যান্টিভেনম’ দেওয়া হয়নি। পরে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়, কিন্তু পথেই তিনি মারা যান।মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাহিদ জানান, সাপে কাটা রোগীর ক্ষেত্রে সরকারি প্রোটোকল অনুযায়ী পরীক্ষা করা হয়। বিষধর সাপের কামড়ের লক্ষণ যেমন—চোখে ঝাপসা দেখা বা স্নায়বিক উপসর্গ ওই রোগীর মধ্যে ছিল না, তাই তখন অ্যান্টিভেনম দেওয়া হয়নি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে তিনি চিকিৎসকের বরাতে জানান, রোগীর প্রাথমিক পরীক্ষা করা হয়েছিল এবং অ্যান্টিভেনম দেওয়ার প্রস্তুতির আগেই স্বজনরা রোগীকে নিয়ে চলে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হলে পুনরায় হাসপাতালে আনা হয় এবং তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও বলেন, “বিষয়টি নিয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সাপে কাটার পর চিকিৎসায় অবহেলার অভিযোগ, জামালপুরে নারীর মৃত্যু