নজর বিডি

জামালপুরে ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুর শহরের কাচারিপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে রিমা আক্তার (২১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে মোহাম্মদ আলীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত রিমা আক্তার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি এলাকার শহিদুল্লাহর মেয়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের অনার্সের শিক্ষার্থী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিমা যে কক্ষে থাকতেন, সেই কক্ষের দরজা গত দুই থেকে তিন দিন ধরে বন্ধ ছিল। শুক্রবার সন্ধ্যার পর কক্ষের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে বাসার মালিকপক্ষ ও স্থানীয়দের সন্দেহ হয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।পরে কক্ষের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে রিমার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। এরপর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।এদিকে রিমার স্থায়ী ঠিকানা নিয়ে পুলিশের মধ্যে কিছুটা অস্পষ্টতা তৈরি হয়েছে। বাসার রেজিস্টারে তার ঠিকানা মাদারগঞ্জ উপজেলা উল্লেখ থাকলেও কক্ষ থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্রে ইসলামপুর উপজেলা লেখা রয়েছে। তার প্রকৃত ঠিকানা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।বাসার মালিকের ছেলে জাহাঙ্গীর বলেন, ‘আমি যতটুকু জানি, মেয়েটি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগে পড়ত। এর বেশি কিছু জানি না।’জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নাজমুল জান্নাত শাহ বলেন, ‘৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহ ফুলে গেছে। বাসার রেজিস্টারে তার ঠিকানা মাদারগঞ্জ দেওয়া থাকলেও জাতীয় পরিচয়পত্রে ভিন্ন ঠিকানা পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

জামালপুরে ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার