জুলাই শহীদ পরিবারের আর্তনাদ এবং স্বজন হারানোর বেদনার কথা শুনলে নিজেকে স্থির রাখতে পারেন না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ ও আহতদের ত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।বুধবার (৫ আগস্ট) 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।দিবসের শুরুতে চউক চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।পরে জেলা প্রশাসনের আয়োজনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত 'জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য' শীর্ষক আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি।আলোচনা সভায় প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, “দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ফসল এই জুলাই গণঅভ্যুত্থান। ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে আমি আমার অসংখ্য সহযোদ্ধা ও রাজপথের ভাইকে হারিয়েছি। জুলাই শহীদ পরিবারের আর্তনাদ এবং স্বজন হারানোর বেদনার কথা শুনলে নিজেকে স্থির রাখতে পারি না।”তিনি আরও বলেন, “আমি জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদ, আহত এবং তাদের পরিবারের প্রতি ব্যক্তিগতভাবে এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাই। শহীদদের আত্মত্যাগ এবং আহতদের ত্যাগ জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”