রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত চুয়া সেলিমকে গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-২।বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোররাতে র্যাব-২-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।র্যাব-২ সূত্র জানায়, জেনেভা ক্যাম্পের ভেতরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা বেশ কঠিন। ক্যাম্পের বিভিন্ন স্থানে অপরাধীদের গোপন আস্তানা থাকায় সেখানে অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় আনা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য চ্যালেঞ্জিং।সূত্র আরও জানায়, জেনেভা ক্যাম্পের শীর্ষ কয়েকজন মাদক কারবারির মধ্যে চুয়া সেলিম অন্যতম। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।র্যাব সূত্রে জানা গেছে, সম্প্রতি সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, বিভিন্ন নামধারী কিশোর গ্যাংয়ের নেতা এবং মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।এসব অভিযানের মাধ্যমে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।