নজর বিডি

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ আয়োজন উপলক্ষে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য মো. তোফিকুল ইসলাম তোফা, চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. আশরাফুল ইসলাম রঞ্জুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।মতবিনিময় সভায় টুর্নামেন্টটি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে টুর্নামেন্টের আয়োজন, প্রস্তুতি, খেলা পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।সভায় জানানো হয়, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ফাইনালসহ টুর্নামেন্টে মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে আন্তঃজেলা পর্যায়ের দলগুলো অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিটি ম্যাচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে মনোনীত রেফারিদের মাধ্যমে পরিচালিত হবে।জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে উৎসবমুখর ও সফল করতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা টুর্নামেন্টের প্রচার-প্রচারণা, দর্শক সম্পৃক্ততা এবং সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে খেলা আয়োজনের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়