নজর বিডি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আজ দুপুর সাড়ে ১২ টার দিকে  উত্তরা আজমপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে প্রধান অতিথি বলেন, অবিলম্বে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তা না হলে সাধারণ মানুষ জীবিকার তাগিদে রাজপথে নামতে বাধ্য হবে বলে তিনি সতর্ক করেন।তিনি আরও বলেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। হত্যা, খুন, রাহাজানি, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাস দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকারের উচ্চপর্যায় এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।বক্তারা আরও বলেন, সীমান্তে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের নাগরিকদের বাংলাদেশে “পুশইন” করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র প্রার্থী অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার।ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সহ-সাধারণ সম্পাদক এনামুল হক হাসান, প্রশিক্ষণ সম্পাদক ড. মাওলানা মাহমুদুল হাসান কিবরিয়া, শ্রমিক মজলিস ঢাকা উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, যুব মজলিসের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. সালমান প্রমুখ।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উত্তরা আজমপুর রাজউক কলেজ থেকে শুরু হয়ে আজমপুর মেইন রোডসহ আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ