নজর বিডি

জয়পুরহাটে অনলাইন জুয়ার আসর, গ্রেপ্তার ‘মাস্টার এজেন্ট’

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে মোরসালিন মন্ডল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ১৯টি স্মার্টফোন, এক হাজারটি সচল সিমকার্ড ও সাতটি ব্যাংক এটিএম কার্ড জব্দ করা হয়েছে।শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় জয়পুরহাট ডিবি পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের বাখেড়া কোমড়গাড়ী গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মোরসালিন মন্ডল ক্ষেতলাল পৌরসভার রামপুরা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আব্দুল করিম।ডিবি পুলিশ জানায়, জেলায় অনলাইন জুয়া ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে তথ্যের ভিত্তিতে বাখেড়া কোমড়গাড়ী গ্রামের রাশিদুল মন্ডলের বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখানে মোরসালিনকে অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা ও আর্থিক লেনদেন নিয়ন্ত্রণের সময় হাতেনাতে আটক করা হয়।পুলিশের দাবি, মোরসালিন দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সক্রিয় ‘মাস্টার এজেন্ট’ হিসেবে কাজ করছিলেন।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার মোরসালিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জয়পুরহাটে অনলাইন জুয়ার আসর, গ্রেপ্তার ‘মাস্টার এজেন্ট’