জয়পুরহাটের পুরানাপুল এলাকায় রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের কয়েল স্প্রিং ভেঙে যাওয়ায় ট্রেনটি মাঝপথে আটকে গেছে। এতে পার্বতীপুর-সান্তাহার রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেনটি লাইনের ওপর বিকল হয়ে পড়ায় গন্তব্যের উদ্দেশে যাত্রা করা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার পর সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দে ট্রেনটির কয়েল স্প্রিং ভেঙে যায়। তাৎক্ষণিকভাবে চালক ট্রেনটি থামিয়ে দেন।ট্রেনের পরিচালক (গার্ড) ছানোয়ার হোসেন বলেন, চলন্ত অবস্থায় স্প্রিং ভেঙে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আল্লাহর রহমতে ট্রেন ও যাত্রীরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।জয়পুরহাট স্টেশন মাস্টার রফিক চৌধুরী বলেন, রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে গেছে। মেরামতের জন্য ওয়েম্যানদের পাঠানো হয়েছে। তারা দ্রুত কাজ করছেন।তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মেরামত কাজ শেষ হলে রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।