নজর বিডি

টেকনাফে বড় ইয়াবার চালান জব্দ

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। তবে দুই অভিযানে কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।কোস্ট গার্ড জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার মিঠাপানির ছড়া এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযানে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ লাখ টাকা।এদিকে বুধবার টেকনাফ থানার জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭ এলাকার একটি বসতবাড়িতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবা উদ্ধার সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “দেশে মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”

টেকনাফে বড় ইয়াবার চালান জব্দ