নজর বিডি

ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধস: জরিপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক নীতি ও পদক্ষেপের ওপর আস্থা হারাচ্ছেন দেশটির সাধারণ মানুষ। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, উল্লেখযোগ্যসংখ্যক মার্কিন নাগরিক ট্রাম্পের অভিবাসননীতিকে ‘বাড়াবাড়ি’ বলে মনে করছেন এবং তার কার্যক্রমের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের যৌথ পরিচালনায় চালানো এক সমীক্ষায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।জরিপ অনুযায়ী, অভিবাসন ইস্যুতে জনসমর্থন ব্যাপকভাবে কমে গেলেও ট্রাম্পের কাছে এই বিষয়টি অর্থনীতি বা ইরান সংকটের চেয়েও বেশি অগ্রাধিকার পাচ্ছে।রোববার প্রকাশিত নতুন এই জরিপের ফলাফল অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মাত্র ৩৯ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক অভিবাসন বিষয়ে ট্রাম্পের কর্মকাণ্ডকে সমর্থন করেছেন। অথচ তার দ্বিতীয় মেয়াদের শুরুতে এই সমর্থনের হার ছিল ৪৯ শতাংশ। অর্থাৎ, সময়ের ব্যবধানে ট্রাম্পের ওপর থেকে বড় অংশের মানুষের আস্থা কমেছে।তবে সাধারণ মানুষের মধ্যে সমর্থন কমলেও ট্রাম্পের নিজস্ব দল রিপাবলিকান পার্টির ভেতরের চিত্র কিছুটা ভিন্ন। দলটির প্রতি ১০ জন সমর্থকের মধ্যে প্রায় ৮ জনই এখনও ট্রাম্পের অভিবাসননীতিকে চোখ বন্ধ করে সমর্থন করে যাচ্ছেন। অবশ্য দ্বিতীয় মেয়াদের শুরুতে এই হার আরও বেশি ছিল; তখন প্রতি ১০ জন রিপাবলিকানের মধ্যে ৯ জনই তার পাশে ছিলেন।অভিবাসন বিষয়ে ট্রাম্প ট্রাম্পের পদক্ষেপ নিয়ে মার্কিন সমাজ এখন কার্যত দুই ভাগে বিভক্ত।বৈধ অভিবাসন: প্রায় অর্ধেক মার্কিন প্রাপ্তবয়স্ক মনে করেন, বৈধ অভিবাসন সীমিত করার ক্ষেত্রে ট্রাম্প ‘অনেক বেশি বাড়াবাড়ি’ করেছেন।অবৈধ অভিবাসন: প্রায় ৪৭ শতাংশ নাগরিকের মতে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বহিষ্কারের ক্ষেত্রে ট্রাম্প তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।বিপরীত দিকে, রিপাবলিকান সমর্থকদের প্রতি ১০ জনে মাত্র ২ জন বা তারও কম সংখ্যক মানুষ মনে করেন যে ট্রাম্প এই দুই ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করেছেন।শুধু অভিবাসনই নয়, অর্থনীতি পরিচালনার ক্ষেত্রেও ট্রাম্পের সামগ্রিক জনসমর্থন আশঙ্কাজনকভাবে কমেছে। জরিপ অনুযায়ী, মাত্র ৩২ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের অর্থনৈতিক নীতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন, যা দ্বিতীয় মেয়াদের শুরুতে ছিল ৪০ শতাংশ।পাশাপাশি, মধ্যপ্রাচ্যে ইরানবিরোধী সামরিক অভিযানে ট্রাম্পের ভূমিকার প্রতিও রিপাবলিকানদের সমর্থন কিছুটা কমেছে। পলিটিকোর অপর এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের সবচেয়ে অন্ধ সমর্থক হিসেবে পরিচিত ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মেগা) ভোটারদের মাত্র এক-তৃতীয়াংশ মনে করেন যে ইরানের সঙ্গে সংঘাতের অর্থনৈতিক ক্ষতি মেনে নেওয়া যৌক্তিক ছিল।সব মিলিয়ে, দ্বিতীয় মেয়াদের মাঝামাঝি এসে অভ্যন্তরীণ নীতি ও আন্তর্জাতিক অবস্থানের কারণে নিজ দেশেই বড় ধরনের চাপের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধস: জরিপ