নজর বিডি

ট্রেলারে নজর কাড়লেন ‘বিপ্লবী‘ জিৎ

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ অভিনীত নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর অফিশিয়াল ট্রেলার প্রকাশ পেয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় বিপ্লবী ‘অনন্ত সিং’-এর ভূমিকায় অনবদ্য লুকে হাজির হয়েছেন জিৎ। ট্রেলার প্রকাশের পর থেকেই অভিনেতার রূপ ও অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা করছেন তার ভক্তরা।প্রকাশিত ট্রেলারে মূল চরিত্র অনন্তর জীবন সংগ্রাম ও নতুন প্রজন্মের সুরক্ষিত ভবিষ্যতের জন্য তার মহান আত্মত্যাগের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমায় শুধু একজন সশস্ত্র বিপ্লবী হিসেবেই নয়, বরং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবেও জিতের চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার শক্তিশালী অভিনয়শিল্পী কৌশিক সেন, চন্দন সেন, প্রিয়াঙ্কা সরকার ও টোটা রায়চৌধুরী। বিশেষ করে পুলিশের চরিত্রে টোটা রায়চৌধুরী এবং ভিন্ন ভিন্ন লুকে জিতের অ্যাকশনধর্মী উপস্থিতি ট্রেলারে দর্শকদের বেশ নজর কেড়েছে।এর আগে গত ২৭ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল। তবে কারিগরি ও প্রযোজনা সংক্রান্ত জটিলতার কারণে মুক্তির ঠিক ১২ দিন আগে এর তারিখ পিছিয়ে দেওয়া হয়। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নির্মাতারা ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে, অর্থাৎ আগামী ১৪ আগস্ট সিনেমাটির নতুন মুক্তির দিন ঘোষণা করেছেন। উল্লেখ্য, আগামী ১৪ আগস্ট একই দিনে ওপার বাংলার আরেক শীর্ষ তারকা দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমাটি মুক্তির কথা ছিল। তবে বক্স অফিসে বড় ধরনের সংঘাত এড়াতে পরবর্তীতে সেই ছবির মুক্তি স্থগিত করার ঘোষণা দেন অভিনেতা দেব নিজেই। ফলে ১৪ আগস্ট এককভাবে বড় পর্দা কাঁপাতে আসছেন ‘বিপ্লবী’ জিৎ।

ট্রেলারে নজর কাড়লেন ‘বিপ্লবী‘ জিৎ