রাজধানীর উত্তরখান এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, দায়িত্ব পালনরত পুলিশ সদস্য এবং সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।রোববার (২ আগস্ট) উত্তরখানের রাজাবাড়ী এসটিএস এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য ডিএনসিসির একটি দল কাজ করছিল। এ সময় একদল স্থানীয় ব্যক্তি ওই কার্যক্রমে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, দায়িত্ব পালনরত পুলিশ সদস্য এবং পরিচ্ছন্নতা কর্মীদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্র জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলার অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।অন্যদিকে, স্থানীয়দের একটি অংশের দাবি, পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা নিয়ে আগে থেকেই কিছু বিরোধ ও অসন্তোষ ছিল। সেই বিরোধের জের ধরেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, "এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।"