খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের লতা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় একটি মন্দির আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকার। তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মান নিশ্চিত করা এবং বিদ্যমান সমস্যাগুলো সরেজমিনে চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে তিনি এ পরিদর্শন করেন।সোমবার দুপুরে পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উপস্থিতির হার, পাঠদানের পরিবেশ ও শিক্ষার মান পর্যবেক্ষণ করেন এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।পরে তিনি স্থানীয় মন্দির পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় মন্দিরের বিভিন্ন সমস্যা ও সার্বিক পরিবেশ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি।পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের ইউএনও সবিতা সরকার বলেন, “তৃণমূল পর্যায়ের প্রতিটি সরকারি প্রতিষ্ঠান যেন সঠিকভাবে সেবা নিশ্চিত করতে পারে, সেটি তদারকি করতেই এই আকস্মিক পরিদর্শন। শুধু অফিসে বসে প্রশাসনিক কাজ পরিচালনা করলে তৃণমূলের প্রকৃত অবস্থা জানা সম্ভব নয়। তাই সরাসরি মাঠে এসে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি।”তিনি আরও বলেন, “লতা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় মন্দিরের বেশ কিছু সমস্যা আমার দৃষ্টিগোচর হয়েছে। তৃণমূল পর্যায়ে সরেজমিনে পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত ও সমাধান করাই আমাদের মূল লক্ষ্য। যেসব ছোটখাটো সমস্যা রয়েছে, সেগুলো তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। অবকাঠামোগত বা দীর্ঘমেয়াদি সমস্যার ক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।”ইউএনও বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন সব সময় প্রান্তিক মানুষের পাশে থাকবে।পরিদর্শনকালে স্থানীয় ইউপি প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক, মন্দির পরিচালনা কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের এ ধরনের তাৎক্ষণিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।