নজর বিডি

ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ পালিত

রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ পালিত হয়েছে।আজ রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার। প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে আধুনিক ও পরিবেশবান্ধব মৎস্য চাষের কোনো বিকল্প নেই।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ ফরহাদ হোসেন, মৎস্যজীবী দলের নেতা অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, বিএনপি নেতা শেখ মাহবুবুর রহমান এবং মাস্টার সেলিম হালদার।অনুষ্ঠান শেষে সফল মৎস্যচাষি হিসেবে কনিকা মন্ডল, এফ এম আবু সাইদ, গোবিন্দ মন্ডল ও মান্নান গোলদারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি দু দুটি মৎস্যজীবী গ্রাম সমিতির ৪৬ জন সদস্যের মাঝে লভ্যাংশের নগদ অর্থ বিতরণ করা হয়।

ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ পালিত