নজর বিডি

ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে জলাবদ্ধতা, দুর্গন্ধে দুর্ভোগ

খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা ও সঠিক পানি নিষ্কাশনের সুবিধা না থাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জমে থাকা পচা পানিতে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, কর্মকর্তা-কর্মচারীরা। পরিস্থিতি নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরের জলাবদ্ধ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকার ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের চিত্র প্রত্যক্ষ করেন তারা। এ সময় ইউএনও মিজ সবিতা সরকার বলেন, উপজেলা পরিষদ চত্বরের আবাসিক এলাকায় আধুনিক ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পানি আটকে থাকায় দুর্গন্ধ ছড়িয়ে সাধারণ মানুষ ও কর্মকর্তা-কর্মচারীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ও টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। অতি শিগগিরই সমস্যার স্থায়ী সমাধান করা হবে।সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের আবাসিক এলাকার পানি নিষ্কাশনের পথগুলো চিহ্নিত করে দ্রুত পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ড্রেন নির্মাণের জন্যও ব্যবস্থা নেওয়া হবে। সাময়িক দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে পানি সেচে ফেলার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ড্রেনেজ নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে জলাবদ্ধতা, দুর্গন্ধে দুর্ভোগ