নজর বিডি

ঘ্যাংরাইল নদীতে অভিযান: ১০ অবৈধ বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস

খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের ঘ্যাংরাইল নদীতে দেশীয় মাছের প্রজনন, অবাধ বিচরণ এবং নদীর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।অভিযানে নদীর প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার এলাকা থেকে ১০টি অবৈধ বাঁধ, নেট-পাটা, দুটি বেহুন্দি জাল এবং কয়েকটি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান।অভিযান চলাকালে আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন সার্বিক সহযোগিতা করেন। এছাড়া উপজেলা ভূমি অফিস, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং ডুমুরিয়া থানা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় অংশ নেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, নদীতে অবৈধ বাঁধ ও ক্ষতিকর জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ও অবাধ বিচরণ ব্যাহত হওয়ার পাশাপাশি নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে চায়না দুয়ারী ও নেট-পাটার মতো নিষিদ্ধ জালের কারণে পোনামাছসহ বিভিন্ন জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান বলেন, “দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় নদীতে কোনো ধরনের অবৈধ বাঁধ বা ক্ষতিকর জাল ব্যবহার করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, “নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং জলাবদ্ধতা নিরসন আমাদের অন্যতম অগ্রাধিকার। কিছু অসাধু ব্যক্তি ব্যক্তিস্বার্থে নদীতে বাঁধ দিয়ে পানিপ্রবাহ বাধাগ্রস্ত করেছিল। জনস্বার্থে এবং দেশীয় মাছের প্রজনন রক্ষায় নদী ও খাল দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও মৎস্যজীবীরা। তাদের আশা, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে নদীর পরিবেশ ও দেশীয় মাছের প্রাকৃতিক আবাসস্থল পুনরুদ্ধার হবে।

ঘ্যাংরাইল নদীতে অভিযান: ১০ অবৈধ বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস