যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিজের ছবিযুক্ত ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ নতুন এই পাসপোর্টের ছবি শেয়ার করে ট্রাম্প লিখেছেন, “যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট, যাতে লেখা আছে, ‘স্বাগতম, কিন্তু ভালো থেকো!’”পাসপোর্টটিতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প তার ডেস্কে দুই হাত রেখে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। পাশে তার স্বাক্ষর এবং পটভূমিতে স্বাধীনতার ঘোষণাপত্রের লেখা রয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তাদের তথ্যমতে, ছবিটি তুলেছিলেন হোয়াইট হাউসের ফটোগ্রাফার ড্যানিয়েল টোরোক। পাসপোর্টের বিপরীত পৃষ্ঠায় ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের চিত্রকর্ম এবং “ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ২৫০” লেখাটি স্থান পেয়েছে।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর আগে জানানো হয়েছিল যে, ৪ জুলাই স্বাধীনতা দিবসের দুই দিন পর ৬ জুলাই সীমিত সংখ্যক একটি স্মারক পাসপোর্ট অবমুক্ত করা হবে। তবে ট্রাম্পের শেয়ার করা পাসপোর্টটি সেই স্মারক কি না, সে বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, এই পাসপোর্টগুলো সীমিত সংখ্যায় ছাড়া হয়েছে এবং সংগ্রহ করতে আগ্রহীদের সশরীরে ওয়াশিংটনে এসে আবেদন করতে হবে।২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি দপ্তরে নিজের ব্যক্তিগত ছাপ রাখার ক্ষেত্রে বেশ সরব ডোনাল্ড ট্রাম্প। এর আগে বেশ কয়েকটি সরকারি ভবনে প্রেসিডেন্টের ব্যানার টাঙানো হয়েছে এবং ট্রেজারি মন্ত্রণালয় জানিয়েছে, খুব শীঘ্রই এক ডলারের নোটে ট্রাম্পের স্বাক্ষর দেখা যাবে। এছাড়া জন এফ কেনেডি সেন্টারের সঙ্গে নিজের নাম যুক্ত করার চেষ্টাও করেছিলেন তিনি, যা পরে আদালতের নির্দেশে বাতিল করা হয়।প্যাট্রিয়ট পাসপোর্ট অবমুক্ত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট হলেন, যার ছবি ও নাম ভ্রমণনথিতে যুক্ত হলো।সূত্র: সিএনএ, আনাদোলু।