‘যার আছে দিয়ে যান, যার লাগবে নিয়ে যান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর উত্তরায় “মানবতার বক্স” উদ্বোধন করেছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। এসময় তিনি বলেন, ঢাকা উত্তর সিটিকে মানবিক, ভ্রাতৃত্ববোধসম্পন্ন ও জ্ঞানের নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে জামায়াত।শুক্রবার সকালে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ-এর বিপরীত পাশে বিডিআর মার্কেটে এ মানবতার বক্সের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে সেলিম উদ্দিন বলেন, “চারশো বছরের পুরোনো ঢাকার মানবিক ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধ পুনরুদ্ধার করতে হবে। মানবিক ও জ্ঞানের ঢাকা গড়ার লক্ষ্যে জামায়াত ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।”তিনি জানান, ইতোমধ্যে ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা ধরনের নাগরিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মানবতার বক্সের মাধ্যমে সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও প্রয়োজনীয় সহায়তা পাবেন। এছাড়া ‘নাগরিক সেবা ডট নেট’-এর মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন ধরনের সহযোগিতা গ্রহণের সুযোগ থাকবে বলেও জানান তিনি।সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “কারও জন্য রিজিকের ব্যবস্থা করে দিলে আল্লাহ তার রিজিক আরও বাড়িয়ে দেন।” ভবিষ্যতে রাজধানীর বিভিন্ন বাজারে এ ধরনের মানবতার বক্স চালু করা হবে বলেও জানান তিনি।এসময় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সেলিম উদ্দিন।উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান, তুরাগ দক্ষিণের আমীর আবু বকর সিদ্দিক, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, উত্তরখান পূর্বের আমীর ইসরাইল হোসেন এবং মহানগর উত্তর যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজসহ স্থানীয় নেতৃবৃন্দ।