থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন নগরী পাতায়ায় ১৭ বছর বয়সী এক কিশোরীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক অস্ট্রেলীয় নাগরিকের বিরুদ্ধে। হত্যার পর কিশোরীর মরদেহ স্যুটকেসে ভরে রেললাইনের পাশে ফেলে রেখে দেশ ছাড়ার প্রস্তুতিকালে ধরা পড়েছেন ঘাতক।গত বুধবার রাতে পাতায়া সৈকতে এক বিদেশির সঙ্গে পরিচয় হয় ওই কিশোরীর। পরিচয় পর্বের পর বৃহস্পতিবার ভোরে তারা ওই ব্যক্তির অ্যাপার্টমেন্টে যায়। পুলিশ জানায়, সেখানে তুচ্ছ কোনো বিষয় নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে সাইমন পিটার কারম্যান নামের ওই অস্ট্রেলীয় নাগরিক কিশোরীকে শ্বাসরোধ করে হত্যা করেন।শনিবার কিশোরীর এক বন্ধুর কাছ থেকে নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করে। ফুটেজে কারম্যানকে ওই কিশোরীর সঙ্গে অ্যাপার্টমেন্টে প্রবেশ করতে দেখা যায়। পরবর্তী ফুটেজে তাকে একটি বড় কালো স্যুটকেস টেনে নিয়ে যেতে দেখা যায়, যার ভেতরেই ছিল ভুক্তভোগীর মরদেহ।এদিকে, ঘাতক কারম্যান মরদেহ গোপন করে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড ত্যাগ করার চেষ্টা করছিলেন। দেশ ছাড়ার আগমুহূর্তে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।পুলিশ কর্মকর্তা কর্নেল আনেক সরাথংইউ জানান, কারম্যান আংশিক অপরাধ স্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, হত্যার কোনো পূর্বপরিকল্পনা ছিল না, তর্কাতর্কির এক পর্যায়ে তিনি কিশোরীকে শ্বাসরোধ করেন। অভিযুক্তের বিরুদ্ধে ইচ্ছাকৃত খুন, মরদেহ গোপন এবং অপহরণের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে থাইল্যান্ডের আইন অনুযায়ী তিনি মৃত্যুদণ্ড পর্যন্ত পেতে পারেন।অন্যদিকে, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার কয়েক দিন আগেই মেয়েটি পাতায়ায় এসেছিল। নৃশংস এই মৃত্যুতে পরিবারটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলমান রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে কর্তৃপক্ষ।