নজর বিডি

লিবিয়ায় অপহৃত নওগাঁর আলমগীরের আড়াই মাস পর মৃত্যুর খবর

নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ গ্রামের প্রবাসী যুবক আলমগীর হোসেন (৪৫) লিবিয়ায় অপহরণের শিকার হওয়ার দীর্ঘ আড়াই মাস পর অবশেষে তার মৃত্যুর খবর পেয়েছে পরিবার। এই খবর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর নিহতের পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।নিহতের পরিবারের লোকজন জানান, জীবিকার তাগিদে আলমগীর হোসেন লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন। কিন্তু গত ২৮ মার্চ সন্ধ্যার পর তার কর্মস্থল থেকে পুলিশের পোশাক পরিহিত একদল সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী তাকে অস্ত্রের মুখে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।অপহরণের পর থেকে লিবিয়ায় থাকা তার সহকর্মী এবং দেশের পরিবার বিভিন্নভাবে আলমগীরের খোঁজ নেওয়ার চেষ্টা করলেও কোনো সন্ধান পায়নি। সন্ত্রাসীদের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়েছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।দীর্ঘ আড়াই মাস ধরে নিখোঁজ থাকার পর অবশেষে তার মৃত্যুর খবর জানতে পারে পরিবার। লিবিয়ায় অবস্থানরত অন্যান্য প্রবাসী ও পরিচিতদের মাধ্যমে পরিবারটি এই নির্মম তথ্য নিশ্চিত হয়েছে।আড়াই মাস ধরে আলমগীরের ফিরে আসার পথ চেয়ে বসেছিল তার পরিবার। কিন্তু জীবিত নয়, আসলো তার মৃত্যুর খবর। এখন নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন শোকাচ্ছন্ন স্বজনেরা।

লিবিয়ায় অপহৃত নওগাঁর আলমগীরের আড়াই মাস পর মৃত্যুর খবর