সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কারিগরি ও সার্বিক সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (২৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে ডব্লিউএফপির আবাসিক প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর কোকো এইচ উশিয়ামা প্রতিমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, পুষ্টি ও মানবিক সহায়তায় দীর্ঘদিনের অবদান এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য চলমান কর্মসূচির জন্য সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিশেষ করে বিদ্যালয়গুলোতে 'স্কুল মিল' কর্মসূচি এবং জাতীয় খাদ্য নিরাপত্তা জোরদারে ডব্লিউএফপির ভূমিকা প্রশংসিত হয়। সেই সঙ্গে ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়তা অব্যাহত রাখার জোর দাবি জানান তিনি।অন্যদিকে, ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর কোকো এইচ উশিয়ামা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি ও খাদ্য নিরাপত্তায় সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় এবং নারী-শিশুদের পুষ্টি নিশ্চিতকরণে সংস্থাটি কাজ করে যাচ্ছে। তিনি খুলনা বিভাগ ও হবিগঞ্জ জেলায় চলমান বিভিন্ন সামাজিক নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ভূমিকম্প প্রস্তুতি কার্যক্রমের হালনাগাদ চিত্র প্রতিমন্ত্রীর নিকট তুলে ধরেন।