মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’তে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি সিনেমার মহরতে তার উপস্থিতির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। ‘রেহানা মরিয়ম নূর’ কিংবা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মতো ভিন্নধর্মী ও আন্তর্জাতিক মানসম্পন্ন সিনেমার পর বাঁধন কেন হঠাৎ মূলধারার বাণিজ্যিক বা ‘মশলা’ সিনেমায় যুক্ত হলেন—তা যেন মানতেই পারছেন না নেটিজেনদের একাংশ।এবার সেই সব নেতিবাচক মন্তব্য ও সমালোচনার কড়া জবাব দিলেন বাঁধন নিজেই। সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘গুলশানের চামেলী’র মহরতের একটি ছবি পোস্ট করে নিন্দুকদের একহাত নিয়েছেন এই অভিনেত্রী।ফেসবুক পোস্টে নিন্দুকদের উদ্দেশে বাঁধন স্পষ্ট ভাষায় লিখেছেন,"একটা বিষয় আমি বিশ্বাস করি, আমার সংসারের খরচ তো কেউ দেয় না, আমার জীবনটাও কেউ যাপন করে না। সুতরাং, দয়া করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাকে উপদেশ দিতে আসবেন না। যাদের উপদেশ আমি বিশ্বাস করি, সম্মান করি, সেরকম মানুষ আমার জীবনে আছে।"পোস্টের শুরুতে এই বাণিজ্যিক ধারার সিনেমায় যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে বাঁধন লেখেন,"এই সিনেমা করতে রাজি হওয়াটা আমার জন্য খুব কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু গল্পটা আমার খুব ভালো লেগেছে। শুরু থেকেই পুরো টিমের কাছ থেকে যে সম্মান ও সহযোগিতা পেয়েছি, সেটাও আমাকে মুগ্ধ করেছে।"নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি আরও বলেন, এত বছরের ক্যারিয়ারে বহু নির্মাতা ও প্রযোজকের সাথে কাজ করার অভিজ্ঞতা আজ তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। সবশেষে নিজের জীবন নিয়ে পূর্ণ সন্তুষ্টি প্রকাশ করে বাঁধন বলেন, "ইনশাআল্লাহ, সময়ের সঙ্গে সঙ্গে আমি এগিয়ে যাব এবং আরো সুখী হবো।"উল্লেখ্য, অ্যাকশন ঘরানার নির্মাতা মোহাম্মদ ইকবালের ‘গুলশানের চামেলী’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। সিনেমাটিতে বাঁধন ছাড়াও আরও যুক্ত হয়েছেন আমিন খান, ওমর সানী, রোজিনা ও আশীষ খন্দকারসহ একঝাঁক তারকা। চলতি বছরের শেষ নাগাদ সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।